এক পরিবারে ১৪ দৃষ্টি প্রতিবন্ধী, চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
এক পরিবারে ১৪ দৃষ্টি প্রতিবন্ধী, চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
মৌলভীবাজারে অস্ত্রোপচারে ফিরছে দৃষ্টি, পর্যায়ক্রমে চিকিৎসা দেওয়া হবে সবাইকে
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একই পরিবারের ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে তাদের সবাইকে চিকিৎসার আওতায় আনা হয়েছে এবং অস্ত্রোপচারের মাধ্যমে একজনের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও দুইজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পর্যায়ক্রমে পরিবারের অন্য সদস্যদের চোখের অস্ত্রোপচার করা হবে।
রাজনগরের একটি পরিবারে ১৪ দৃষ্টি প্রতিবন্ধী
দৃষ্টি প্রতিবন্ধী এই পরিবারের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কড়াইয়া হাওর পারের দক্ষিণ ইসলামপুর গ্রামে।
পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের মধ্যে রয়েছেন ফখরুল মিয়া, কামাল মুন্সি, সোহান মিয়া, সুপি বেগম, শারমিন বেগম, জগলু মিয়া, ফাইজা বেগম, সাজক মিয়া, আনিকা, লাউল মিয়া ও আকবর আলীসহ ১৪ জন।
সফল অস্ত্রোপচারে আশার আলো
চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তীতে আরও তিনজনের চোখের অস্ত্রোপচার সফল হয়েছে। আগামীকাল তাদের চোখের ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। এরপর দৃষ্টিশক্তির উন্নতি পর্যবেক্ষণ করা হবে।
এ ছাড়া অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা আরও আটজনের ক্ষেত্রে পরিবারের সম্মতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে: জেলা প্রশাসক
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সফল অস্ত্রোপচারের ইতিবাচক ফলাফল দেখে পরিবারের অন্য সদস্যরাও চিকিৎসা নিতে আগ্রহী হবেন। পর্যায়ক্রমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

























