অনিয়মের অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে তহশিলদারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। একই দিনে সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়।
গাজীপুর প্রতিনিধি: অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।
সোমবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক আকস্মিকভাবে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগ শোনেন তিনি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
পরবর্তীতে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে সেবাদানে অনিয়মের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট তহশিলদারকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এদিকে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে দাবি করা হয় যে, গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ তথ্য সঠিক নয়।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, শুধুমাত্র কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেই সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার অন্যান্য ভূমি অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

















