বান্দরবানে পাহাড়ি সড়কে ল্যান্ড স্কুজার উল্টে চালক নিহত, আহত ৩
বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ড স্কুজার উল্টে দেরাজ মিয়া (৬০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাতে থানচির তমাতুঙ্গী সড়কের ‘১০ কিলো’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার কবির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ল্যান্ড স্কুজারটি লেমনপাড়া থেকে থানচির দিকে ফিরছিল। ফেরার পথে পাহাড়ি সড়কের ঢালু অংশে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক দেরাজ মিয়া নিহত হন।
দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বান্দরবান পুলিশ সুপার থা. ওয়াবুল ইসলাম খন্দকার বলেন, ‘থানচিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’










