গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪, আহত ৩০ জনের বেশি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি চেকপয়েন্টে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি মানুষ।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে বসবাস করছেন বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। কয়েক বছর আগে ইসরাইলি সামরিক বাহিনী এলাকাটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল। তবে এরপরও সেখানে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে।
গাজা সিটিতে নারী ও শিশুসহ ১১ জন আহত
এদিকে, গাজা সিটির পূর্বাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া গাজা সিটির পূর্বাঞ্চলে আল-তুফাহ এলাকার কাছেও গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বুরেইজ ও জাবালিয়ায় হামলার খবর
মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরে একটি ফাঁকা আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলেও ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
গাজার বিভিন্ন এলাকায় এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।























