অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশির মৃত্যু
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
তাসনিম ঐশির আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় দ্রুতগতির একটি ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
তবে গাড়িটিতে থাকা অন্য তিন যাত্রী দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান।
তাসনিম ঐশির এই অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।





















