৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভের সময় পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়।
গাজীপুর প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশের একটি ভ্যানে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ ছাড়া সড়কে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় সড়কে পুলিশের একটি ভ্যান আটকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
জানা গেছে, সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, কোনাবাড়ী এবং কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলন সংঘর্ষে রূপ নেয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুর পর্যন্ত চলে ধাওয়া-পাল্টাধাওয়া।
দুপুরের দিকে নাওজোড় এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মেট্রোপলিটন পুলিশের একটি ভ্যানে আগুন দেন এবং ভাঙচুর চালান। সড়কে কাঠ ও বাঁশের গুঁড়ি ফেলে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কাশিমপুর এলাকায় পুলিশের আরও একটি গাড়ি ভাঙচুর করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসাইন বলেন, দুপুরের দিকে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা দ্বিমুখী অভিযান চালালে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে সড়কে যান চলাচল করছে। নাওজোড় এলাকায় মেট্রোপলিটন পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়েছে এবং গাড়িটি পুড়ে গেছে। প্রতিটি এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।









