নীলফামারীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হাসপাতালে শিক্ষিকার মৃত্যু
নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার পর শিক্ষিকা উম্মে কুলসুমের মৃত্যু হয়েছে।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার পর উম্মে কুলসুম (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শৌলমারী মুন্সিপাড়া এলাকার আলিমুজ্জামানের স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উম্মে কুলসুম ও তার স্বামী একই বিদ্যালয়ে চাকরি করেন। রোববার সকালে তারা মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। সকাল ৯টার দিকে জলঢাকা উপজেলার গোদর বাজার এলাকায় পৌঁছালে উম্মে কুলসুম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শিক্ষিকার সন্তানের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় তিনি মানসিকভাবে দুর্বল ছিলেন। রোববার বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিষয়টি পুলিশ জানতে পেরেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








