আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার
আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে ঢাকায় এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা চালানো এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে মো. বখতিয়ার আবিদ খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কীভাবে ঘটেছে প্রতারণার চেষ্টা?
সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে Event Sajai ও Main Stage Inc। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা GetMyTicket.live-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে প্রচারণা শুরু করে।
প্রচারণার একপর্যায়ে আয়োজকদের নজরে আসে, Bangladesh Concert & Event Connects (BCEC) নামে একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।
পোস্ট সরাতে চেয়ে দাবি করা হয় এক লাখ টাকা
সিআইডির ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন মো. বখতিয়ার আবিদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগ রয়েছে, টাকা না দিলে একই ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনাম নষ্ট করার হুমকি দেন।
সাইবার সুরক্ষা আইনে মামলা
ঘটনার পর কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানিয়েছেন অভিযুক্ত
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনিই Bangladesh Concert & Event Connects (BCEC) ফেসবুক গ্রুপের অ্যাডমিন। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




















