সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
সন্ত্রাসী অপরাধে দণ্ডিত পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৭ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী অপরাধ সংঘটনের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
যেসব অপরাধের অভিযোগ ছিল
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, দণ্ডিত ব্যক্তিরা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তাবাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলার জন্য অর্থায়ন ও সমর্থনের সঙ্গে জড়িত ছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচজনের নাম প্রকাশ
বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পাঁচ সৌদি নাগরিকের নামও প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন—
- মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের
- আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ
- হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ
- রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ
- আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সবাই সৌদি আরবের নাগরিক।
যেভাবে সম্পন্ন হয় বিচারিক প্রক্রিয়া
বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করার পর বিচার বিভাগের কাছে সোপর্দ করে। অভিযোগের ভিত্তিতে আদালত ‘তাজির’ হিসেবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন।
পরে আপিল আদালত ও সুপ্রিম কোর্ট ওই রায় বহাল রাখেন। এরপর শরিয়াহ আইন অনুযায়ী দণ্ড কার্যকরের জন্য রাজকীয় ডিক্রি জারি করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পূর্বাঞ্চলীয় প্রদেশে দণ্ড কার্যকর
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বিবৃতিটি প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আরব নিউজ।






















