জাপানের ইয়াকুশিমায় ভয়াবহ বৃষ্টি, পাহাড় ধসের সর্বোচ্চ সতর্কতা
পর্যটনের জন্য বিখ্যাত জাপানের ইয়াকুশিমা দ্বীপে তীব্র বৃষ্টির কারণে পাহাড় ধস ও পাহাড়ি ঢলের আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির কাগশিমা অঞ্চলের এই এলাকায় একের পর এক পাহাড় ধসে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে।
পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, জাপানের আবহাওয়া বিভাগ সেখানে সর্বোচ্চ স্তরের বিপদসংকেত জারি করেছে।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, এই অঞ্চলে এত তীব্র বৃষ্টি আগে দেখা যায়নি। পাহাড়ি ঢল ও ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় ইতোমধ্যে কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ঝোড়ো হাওয়া ও টানা ভারী বৃষ্টির মধ্যে ইয়াকুশিমার বাসিন্দাদের প্রতিটি মুহূর্ত বড় ধরনের ঝুঁকির মধ্যে কাটাতে হচ্ছে। স্থানীয় প্রশাসন সবাইকে কালবিলম্ব না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, কোনো বড় ধরনের সরকারি চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করলে নিরাপদে সরে যাওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। নিজের ও পরিবারের সদস্যদের জীবন রক্ষায় দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকের জন্য দূরের আশ্রয়কেন্দ্রে যাওয়াও বিপজ্জনক হতে পারে। এমন পরিস্থিতিতে পাহাড়ের ঢাল, খাড়া পাহাড়ি পথ কিংবা পানি জমে থাকা ছড়া থেকে দ্রুত দূরে সরে গিয়ে শক্ত ও উঁচু কোনো ভবনে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রশাসন ও আবহাওয়া কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


















