দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৯১ জনে দাঁড়িয়েছে। মৃত্যুর সংখ্যা এখন প্রায় এক হাজারের কাছাকাছি।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে চারজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৯৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গজনিত সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে।





















