রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানির দ্বিতীয় চালান পাবনার ঈশ্বরদীতে পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।
এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।
গাড়িবহরের নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। ঢাকা থেকে ঈশ্বরদী পর্যন্ত সড়কপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুরো পথে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
বিমানবন্দরে পৌঁছায় জ্বালানিবাহী বিমান
মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানিবাহী বিমান। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল ১০টার দিকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্পে পৌঁছেছে।
মোট ৯টি চালানে আসছে পারমাণবিক জ্বালানি
প্রকল্প সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি চালানে জ্বালানি আনা হচ্ছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে দেশে এই জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে।
ডিসেম্বরের মধ্যে সবকটি চালান সফলভাবে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বিদ্যুৎ
সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
তবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ নির্ভর করবে প্রয়োজনীয় প্রস্তুতি, পরীক্ষা এবং সংশ্লিষ্ট কারিগরি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার ওপর।




















