চট্টগ্রামে বড় পর্দায় আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচ দেখার সময় যুবককে ছুরিকাঘাত
বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি বড় পর্দায় দেখতে গিয়েছিলেন চট্টগ্রামের আসাদুল হক (২১)। খেলা দেখার সময় দর্শকের ভিড়ের মধ্যে তিনি ছুরিকাঘাতে আহত হন।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে—চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায়। কে বা কারা আসাদুলকে ছুরিকাঘাত করেছে, তা জানা যায়নি।
আসাদুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি নগরের পাঁচলাইশ হামজারবাগ এলাকায় থাকেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক শ মানুষ বড় পর্দায় খেলা দেখছিলেন। ভিড়ের মধ্যে আসাদুলকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কে বা কারা, কী কারণে আসাদুলকে ছুরিকাঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।



















