কক্সবাজারে ৪,৫০০ ইয়াবাসহ সাবেক এমপি বদির নিকটাত্মীয় গ্রেপ্তার
কক্সবাজারের ইনানী এলাকায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন মো. হাফেজ উল্লাহ।
কক্সবাজারে বাস থেকে ৪,৫০০ ইয়াবাসহ সাবেক এমপি বদির নিকটাত্মীয় গ্রেপ্তার
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির নিকটাত্মীয় মো. হাফেজ উল্লাহ (৬৩)কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (২৫ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড চট্টগ্রাম জোন। বিজ্ঞপ্তিতে সই করেন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।
কোস্টগার্ডের অভিযানে ইয়াবা উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে উখিয়ার ইনানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ইনানী স্টেশনের একটি দল।
অভিযানের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সন্দেহভাজন যাত্রী মো. হাফেজ উল্লাহর কাছে থাকা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বদির নিকটাত্মীয় ও সাবেক আওয়ামী লীগ নেতা
গ্রেপ্তার হওয়া মো. হাফেজ উল্লাহ সম্পর্কে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফাতো বোনের স্বামী। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকায়।
আগেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় র্যাবের অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন হাফেজ উল্লাহ।
পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মুক্তির পর আবারও তিনি মাদক কারবারে জড়িয়ে পড়েন।
আদালতে পাঠানো হয়েছে
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে গ্রেপ্তার হওয়া হাফেজ উল্লাহকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।






















