কম ওজনের বিস্কুট বাজারজাত, নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা
কম ওজনের বিস্কুট বাজারজাতের অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।
ঢাকা প্রতিনিধি:
মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত এবং একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখের অভিযোগে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। এ সময় প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানায়, অভিযানের সময় নাবিস্কোর উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের ওজন নিবন্ধন সনদ অনুযায়ী পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, কয়েকটি পণ্যের প্রকৃত ওজন মোড়কে ঘোষিত ওজনের তুলনায় কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে সংস্থাটির মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


















