ইরানি হামলার শঙ্কায় ক্যাটারিং ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলা বা হত্যাচেষ্টার হুমকির কারণে গত মাসে তুরস্ক থেকে গোপনে যুক্তরাজ্যে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারা থেকে ফেরার সময় তাকে ক্যাটারিং ট্রাকে করে ছোট একটি C-32A সামরিক বিমানে নেওয়া হয়।
গত ৮ জুলাই ন্যাটো সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় ছিলেন ট্রাম্প। তিনি প্রথমে পুরোনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে একটি ক্যাটারিং ট্রাকে করে তাকে আলাদা একটি C-32A বিমানে নিয়ে যাওয়া হয়। এ সময় সংবাদমাধ্যম ও কিছু কর্মকর্তা মনে করেছিলেন, ট্রাম্প পুরোনো এয়ারফোর্স ওয়ানেই রয়েছেন।
নিরাপত্তার অংশ হিসেবে ওই বিমানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল। পরে C-32A বিমানে করে ট্রাম্প যুক্তরাজ্যে পৌঁছান। পুরোনো এয়ারফোর্স ওয়ানও সেখানে পৌঁছায়। তবে কীভাবে ট্রাম্প আবার ওই বড় বিমানে উঠেছিলেন, তা স্পষ্ট নয়।
ট্রাম্প তুরস্কে যাওয়ার সময় কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানে ভ্রমণ করেছিলেন। তবে ফেরার সময় সেটি ব্যবহার না করে পুরোনো এয়ারফোর্স ওয়ানকে দৃশ্যত সামনে রাখা হয়। নতুন বিমানটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও এর আগে প্রশ্ন উঠেছিল।
হোয়াইট হাউস ট্রাম্পের নিরাপত্তাব্যবস্থার পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে, নতুন বিমানটিতে উন্নত নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রেসিডেন্ট ও তাঁর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

























