ফুটবল ম্যাচে বিশ্বরেকর্ড, খেলোয়াড়-কর্মকর্তাসহ ৫৩ জনকে লাল কার্ড
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবলের এক ম্যাচে সংঘর্ষের ঘটনায় খেলোয়াড় ও কর্মকর্তাসহ ৫৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসে এক ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাসহ ৫৩ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছে ব্রাজিলে। অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে এমন নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন রেফারি। এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর নতুন বিশ্বরেকর্ড এটি। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল।
রোববার ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিকের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের পর ৪০ জন খেলোয়াড় ও আটজন কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়। এর আগে ম্যাচ চলাকালে আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এ ছাড়া উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে বহিষ্কৃতের সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে।
দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঘটনার পর দুই দলের পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, উবেরলান্দিয়ার কর্মকর্তারা মামোরের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছেন। অন্যদিকে মামোরের দলের সদস্যদের বিরুদ্ধে স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
রেফারির প্রতিবেদনে সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে বলা হয়েছে, মামোরের তৃতীয় গোল উদ্যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি করেন দলের ফুটবলার দাভি। এরপর উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস তাঁকে মোকাবিলা করতে মাঠে ঢুকে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় বিভিন্ন ব্যক্তি হত্যাসহ নানা ধরনের সহিংসতার হুমকি দেন বলে জানিয়েছেন রেফারি। এ ঘটনায় পরবর্তী সময়ে তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন।
এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে সর্বোচ্চ ৩৬টি লাল কার্ড দেখানোর ঘটনা ঘটেছিল। অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের পর রেফারি ওই ম্যাচে ৩৬ জনকে লাল কার্ড দেখান। এতদিন পর্যন্ত এটিই ছিল এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড।




















