পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস-বিডিএসে ২৫ আসন, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত
পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএসে ২৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সরকারের বৃত্তিমূলক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাকিস্তানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএসের ২০টি এবং বিডিএসের পাঁচটি আসনে ভর্তি হতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা। আগ্রহীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
শনিবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, পাকিস্তান সরকার পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সেশন ২০২৬-২৭)-এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে পাঁচটি আসনে ভর্তির ঘোষণা দিয়েছে।
এই কর্মসূচির আবেদনপত্র ও বিস্তারিত তথ্য পাকিস্তানের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে সংগ্রহ করা যাবে।
আগ্রহী শিক্ষার্থীদের সম্পূর্ণ আবেদনপত্র আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশনে পাঠাতে হবে।




















