পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন মোবাশ্বের মোনেম
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবারই তিনি পদত্যাগপত্র পাঠাবেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, “হলে জানবেন।”
অধ্যাপক মোবাশ্বের মোনেম অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন।
এরপর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
তার নেতৃত্বে পিএসসির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এখন তাঁর পদত্যাগের খবর সামনে এসেছে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।




















