হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৪৯
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে।
হামে ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ১৪৭
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩ শিশু প্রাণ হারিয়েছে।
নতুন করে সন্দেহভাজন সংক্রমণ ১,২৬৮
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।
একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮১ জন। ফলে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।
হাসপাতালে ভর্তি ১ লাখ ৮০ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন।
এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ শিশু।
শিশুদের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হওয়া এবং হাসপাতালে ভর্তির এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে।























