সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন শেষ ৩০ নভেম্বর
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট অনলাইনে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় খালি থাকা সরকারি বাসা ও ফ্ল্যাট অনলাইনে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এ জন্য গত ১৯ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা এফ শ্রেণি, ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ই শ্রেণি এবং সপ্তম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ডি-১ শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন।
আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি, মিরপুর, শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, গ্রিন রোড ও পাইকপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব সরকারি বাসা রয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি আবাসিক ভবন ও হোস্টেলে অস্থায়ী শ্রেণির বাসা এবং ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসনের সুযোগ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসার জন্যও আবেদন করা যাবে। একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তির বিপরীতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করা বাধ্যতামূলক। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল করা হবে। এ ছাড়া অসম্পূর্ণ আবেদন কিংবা প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া জমা দেওয়া আবেদনও বিবেচনা করা হবে না।
বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাসার দখল নিতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিল হতে পারে।
এদিকে, আগে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও সরকারি বাসা পাননি—এমন কর্মকর্তা-কর্মচারীরাও এবার অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।





















