বাংলাদেশ-মিসর সম্পর্ক জোরদারে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশ ও মিসরের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মিসরের সাবেক রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বলেন, দুই নেতার মধ্যকার সুসম্পর্ক বাংলাদেশ ও মিসরের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল।
অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে হুমায়ুন কবির দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের প্রস্তাব দেন।
এ সময় তিনি মিসরকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ ও পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান।
দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য নিয়মিত দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনা এবং উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে উভয় পক্ষ কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া বৈঠকে ফিলিস্তিন সংকট ও রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও আলোচনা হয়।





















