টঙ্গীতে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৮ বছরের স্কুলছাত্র রাব্বি
টঙ্গীর নতুন বাজার এলাকায় কার্ভাড ভ্যানের চাপায় রাব্বি নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত রাব্বি টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির সালামত মিয়ার ছেলে। সে রেলওয়ে শিশু বিদ্যানিকেতনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে স্কুল ছুটির পর বাসায় ফিরছিল রাব্বি। এ সময় নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া কার্ভাড ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
গাড়ি ও চালক আটক
ঘটনার পর স্থানীয়রা কার্ভাড ভ্যান ও এর চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


















