লেস্টার ছাড়ছেন হামজা, স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে
ক্রীড়া প্রতিবেদক: লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের ক্লাবটির সঙ্গে তাঁর ২১ বছরের সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে।
২৮ বছর বয়সী হামজা আবারও ফিরছেন শেফিল্ড ইউনাইটেডের মাঠ ব্রামল লেনে। এর আগে ২০২৪-২৫ মৌসুমে ধারে ক্লাবটির হয়ে খেলেছিলেন তিনি। সেই মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ১৬টি ম্যাচ খেলেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
হামজার স্থায়ী দলবদলের বিষয়টি নিশ্চিত করে লেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ২১ বছর ক্লাবটিতে কাটানোর পর স্থায়ী চুক্তিতে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন হামজা। এর আগে ধারে ব্লেডসদের হয়ে ২০২৪-২৫ মৌসুমে ১৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। বিবৃতিতে হামজার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনাও জানিয়েছে লেস্টার।
ছোটবেলায় লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। দীর্ঘ সময় ক্লাবটির বয়সভিত্তিক দল পেরিয়ে মূল দলে জায়গা করে নেন তিনি। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৫টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।
লেস্টারের হয়ে ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্যও রয়েছে হামজার। ২০২১ সালে ক্লাবটির হয়ে এফএ কাপ জেতেন তিনি। এরপর ২০২৪ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে দলের অংশ ছিলেন হামজা।
হামজার এই স্থায়ী দলবদল বাংলাদেশের ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জাতীয় দলের অন্যতম পরিচিত খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ডের লাফবরায় জন্ম নেওয়া হামজার মা বাংলাদেশি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি।
২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর থেকে বাংলাদেশের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন চারটি গোল।
শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে যোগ দেওয়ার মাধ্যমে ক্লাব ক্যারিয়ারে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন হামজা। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় দলের হয়েও তাঁর ওপর প্রত্যাশা আরও বাড়ছে।

























