ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। ১১ সদস্যের এ জোটের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে এবং সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রত্যাশা
ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক—এটাই চায়।
তিনি আরও বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত তার জনগণের অবস্থান বিবেচনায় নিয়ে চলমান সমস্যাগুলোর দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা বাংলাদেশের।






















