চট্টগ্রামে লোকনাথ বাবার ভক্ত সেজে স্বর্ণ লুট, প্রতারক গ্রেফতার
চট্টগ্রামে ‘লোকনাথ বাবার’ ভক্ত পরিচয়ে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার
নারায়ণগঞ্জের বারদী মন্দিরের ‘লোকনাথ বাবার’ ভক্ত পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে সরোয়ার সরদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানার হাজারীগলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সরোয়ার সরদার ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি সুতালড়ি বেদে পল্লী এলাকার মৃত হামিদ সরদারের ছেলে।
গ্রেফতারের সময় উদ্ধার স্বর্ণালংকার ও টাকা
পুলিশ জানায়, সরোয়ারের কাছ থেকে তিন জোড়া সোনার কানের দুল, একটি সিতা হারের পাঁচ অংশ, পাথরসহ একটি স্বর্ণের লকেট, পাঁচ আনা গলানো স্বর্ণ, দুটি স্মার্টফোন এবং ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সাধু সেজে বাসায় ঢুকে প্রতারণার অভিযোগ
পুলিশের তথ্য অনুযায়ী, নগরীর খুলশি থানার আমবাগান এলাকার একটি বাসায় গিয়ে কলিং বেল দেন সরোয়ার।
এ সময় তিনি হিন্দু সাধুর বেশ ধরে ‘জয় বাবা লোকনাথ’ বলে দুহাত জোড় করে নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে আসা ভক্ত হিসেবে পরিচয় দেন।
পরে গৃহকর্তা অজিত ঘোষের স্ত্রীর কাছে ১১ টাকা প্রণামি দাবি করেন। তার কথায় বিশ্বাস করে টাকা দেওয়া হলে তিনি প্রসাদের জন্য চাল চান।
অভিযোগ রয়েছে, এরপর বিভিন্ন কৌশল ব্যবহার করে গৃহকর্তা ও তার স্ত্রীর কাছ থেকে প্রায় ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে যান তিনি।
মামলা হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেফতার
ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
পরে অভিযান চালিয়ে হাজারীগলি এলাকা থেকে সরোয়ার সরদারকে গ্রেফতার করা হয়।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সরোয়ারকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।





















