সুন্দরবন কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটে লুকানো ১০০ বোতল মাদক এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ১
সুন্দরবন কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটে লুকানো ১০০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
অভিযানে ১০০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
কুরিয়ার সার্ভিসে ডিএনসির অভিযান
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি জানায়, কানসাট সড়কের পূর্ব পাশে শাপলা সিনেমা হলের সামনে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়।
আমের ক্যারেটে লুকানো ছিল মাদক
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আসমাউল হক ওরফে জুয়েল (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
ডিএনসির কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেলে তল্লাশি চালানো হয়।
এ সময় আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
অভিযানের সময় ঘটনাস্থল থেকে আসমাউল হককে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম শুরু করেছেন।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।




















