ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক
ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ‘আকবরনগর’ বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবরনগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মাসুদ মিয়া মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
বাজারের নাম নিয়ে দীর্ঘদিনের বিরোধ
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত আকবরনগর বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল।
কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দারা বাজারটির নাম নিজেদের গ্রামের নামে করার দাবি জানিয়ে আসছিলেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে সালিসের মাধ্যমে বাজারটির নাম ‘আকবরনগর-মিরারচর’ রাখা হয়েছিল। তবে সম্প্রতি আকবরনগর গ্রামের বাসিন্দারা বাজারের নাম শুধু ‘আকবরনগর’ করার দাবি জানান।
অন্যদিকে, মিরারচর গ্রামের বাসিন্দারা আগের নাম ‘আকবরনগর-মিরারচর’ রাখার দাবি করে আসছিলেন।
সংঘর্ষে নিহত যুবক
এ নিয়ে কয়েকদিন ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মিরারচর গ্রামের মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রেললাইন অবরোধ, আটকা দুই ট্রেন
সংঘর্ষের সময় গ্রামবাসী রেললাইন অবরোধ করে রাখেন। এতে ভৈরব ও কুলিয়ারচর রেলস্টেশনে দুটি ট্রেন প্রায় দুই ঘণ্টা আটকা পড়ে।
ভৈরব স্টেশনে ঢাকা-কিশোরগঞ্জগামী ‘এগারসিন্ধু’ এবং কুলিয়ারচর স্টেশনে ময়মনসিংহ-চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেন আটকা পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মাসুদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে।





















