উখিয়ায় এপিবিএন ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে ওয়াশরুমের দরজা কেটে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রুবেল হোসেন কক্সবাজারের ১৪ এপিবিএনের অধীন ইরানি পাহাড় ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
এপিবিএন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ক্যাম্পে রোল কলের সময় রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করেন। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর মধ্যে শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমে গিয়ে দেখেন, দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ রয়েছে। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি ভেতরে উঁকি দেন। এ সময় মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
পরে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, উখিয়া থানা-পুলিশের একটি দল ও চিকিৎসকের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর উপস্থিত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকে রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে রুবেল হোসেনের মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



















