ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বন বিভাগ কার্যালয়ের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার হরিপ্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঠাকুরগাঁও শহর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বন বিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রিপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও দুজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





















