মালয়েশিয়ায় থাকার কথা বলে ঢাকায় অনলাইন ব্যবসা, ৪ মামলায় সাজাপ্রাপ্ত হাসিবুল গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারার হাসিবুল ইসলাম (৪০) আট বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে এলাকায় প্রচার করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তবে পুলিশ বলছে, তিনি মালয়েশিয়ায় ছিলেন না; এই সময় ঢাকায় অবস্থান করে অনলাইনে ব্যবসা করছিলেন। চার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হাসিবুল ইসলামকে অবশেষে গ্রেপ্তার করেছে বাগমারা থানার পুলিশ।
হাসিবুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামের আনোয়ারুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিবুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী, নওগাঁ ও নাটোরে প্রতারণা এবং দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে একাধিক মামলা রয়েছে। ২০২৩ সাল পর্যন্ত চারটি মামলায় তাঁর বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তবে ২০১৯ সাল থেকে তিনি পলাতক ছিলেন।
মামলাগুলোতে হাসিবুল ইসলামের সাজা হওয়ার পর বাগমারা থানায় তাঁর বিরুদ্ধে সাজার পরোয়ানা আসে। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ তাঁর বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানান, তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।
পরে হাসিবুলকে গ্রেপ্তারে নতুন করে অনুসন্ধান শুরু করে পুলিশ। একপর্যায়ে ‘রংধনু শপ’ নামে একটি অনলাইন কসমেটিক বিক্রির সাইটের সন্ধান পায় তারা। ওই অনলাইন শপে ক্রেতা সেজে পুলিশ যোগাযোগ শুরু করে। পরে অনলাইন শপটির পরিচালক হাসিবুল ইসলামই বলে নিশ্চিত হয় পুলিশ।
বাগমারা থানার এসআই শিহাব উদ্দীন বলেন, ‘আমি গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর বিভিন্ন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে নতুন করে অনুসন্ধান শুরু করি। এরপর ঢাকায় তিনি অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়ার পর গতকাল রাতে অভিযান চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে আটক করা হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে হাসিবুলের এক স্বজন বলেন, হাসিবুল মালয়েশিয়ায় থাকতেন বলে তাঁরা জানতেন। তিনি বাড়িতে টাকাও পাঠাতেন। তবে ঢাকায় অবস্থান করে ব্যবসা করছিলেন—এ বিষয়টি তাঁরা বুঝতে পারেননি।
হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশকে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম।




















