পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, আটক ১
রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হিরা শেখ (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত হিরা শেখ গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মৃত জাবেদ শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কামরুল ফকির (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে পৌরসভার কুমড়াকান্দি রেলব্রিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
নিহতের স্ত্রী শামসুন্নাহার মুক্তার দাবি, চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে হিরাকে বুকে চাকু বিদ্ধ অবস্থায় দেখতে পান। তখন হিরা চাকুটি বের করে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চাকুটি বের করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হিরার স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস আগে কামরুলের কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়েছিলেন হিরা। কয়েক কিস্তিতে কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
নিহতের চাচা ও স্থানীয় শিক্ষক রবিন নুরতাজের ভাষ্য, শনিবার সকালে হিরা বাড়ি থেকে বের হলে তাঁর পথ রোধ করেন কামরুল। বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কামরুল হাতে থাকা ধারালো চাকু দিয়ে হিরার বুকে আঘাত করেন বলে অভিযোগ। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত হিরাকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড় থেকে কুমড়াকান্দি রেলব্রিজ পর্যন্ত এলাকায় মাদকের কারবার চলে। তাঁদের দাবি, নিহত হিরা ও আটক কামরুল দুজনই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং মাদক কারবারের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
তবে মাদক-সংক্রান্ত বিরোধের বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মাদকের টাকা নিয়ে কোনো বিরোধ ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলামও ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















