অনলাইন জুয়ার ঋণ শোধে অপহরণের নাটক, সীতাকুণ্ড থেকে যুবক উদ্ধার
অনলাইন জুয়ার ঋণ শোধে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে যাওয়া যুবক আরিফুর রহমানকে সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে উদ্ধার করেছে র্যাব-৭।
অনলাইন জুয়ার ঋণ শোধে অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপনে গিয়েছিলেন এক যুবক। পরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে তাঁকে উদ্ধার করেছে র্যাব-৭।
উদ্ধার হওয়া যুবকের নাম মো. আরিফুর রহমান (২৯)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শান্তা এলাকার বাসিন্দা। ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ফুটপাতে তাঁর একটি দোকান ছিল। সেখানেই তিনি থাকতেন।
র্যাব জানায়, অনলাইনে বিভিন্ন সাইটে জুয়া খেলতে গিয়ে আরিফুরের প্রায় তিন লাখ টাকা ঋণ হয়। সেই ঋণ শোধ করতে পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার পরিকল্পনা করেন তিনি। এ জন্য আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজান।
গত বুধবার সন্ধ্যায় আরিফুর তাঁর এক বন্ধুকে দোকানে বসিয়ে রেখে বিকাশে টাকা ক্যাশ আউট করতে বের হন। এরপর তিনি আর দোকানে ফেরেননি। একই সঙ্গে তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন সকালে আরিফুরের নিজের মুঠোফোন নম্বর থেকেই তাঁর ভাইকে ফোন করা হয়। ফোনে জানানো হয়, আরিফুরকে অপহরণ করা হয়েছে। তাঁকে জীবিত পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।
এ ঘটনার পর আরিফুরের বন্ধু আসাফ-উদ-দৌলা বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় অপহরণের মামলা করেন। মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুরের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে র্যাব।
একপর্যায়ে তাঁর অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শনাক্ত হয়। পরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে আরিফুরকে উদ্ধার করে র্যাব-৭। এরপর তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, আরিফুর দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। জুয়া খেলতে গিয়ে তাঁর প্রায় তিন লাখ টাকা ঋণ হয়। সেই ঋণ পরিশোধের জন্য পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তিনি।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আরিফুরকে উদ্ধারের পর সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। ঋণের টাকা শোধ করতে নিজেই আত্মগোপনে গিয়েছিলেন বলে র্যাবকে জানিয়েছেন তিনি। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, উদ্ধার করা আরিফুরকে রাজধানীর ভাটারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ জন্য পুলিশ সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।


















