রামপালে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত, বাবা আহত
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে ওই জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এতে আহাদ আহমেদ ও তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলে নিহত হয়েছেন এবং বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।























