হরমুজ প্রণালি বন্ধ, নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে পারবে না কাতার
গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি বন্ধ থাকায় আগামী নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাঠাতে পারবে না কাতার। দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাতারএনার্জি অক্টোবর পর্যন্ত ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছিল। তবে এখন এটি নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
কোনো কোম্পানি যখন তার ব্যবসায়িক চুক্তি পূর্ণ করতে ব্যর্থ হয়, তখন ‘ফোর্স মেজর’ ঘোষণা করে। এর মাধ্যমে নির্দিষ্ট পরিস্থিতিতে চুক্তি পূরণে ব্যর্থতার দায় থেকে চুক্তিভিত্তিক সুরক্ষা পাওয়ার সুযোগ তৈরি হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালির এডিসন ও দক্ষিণ এশিয়ার বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে কাতারএনার্জি।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এতে কাতার থেকে গ্যাস সরবরাহও থমকে যায়।
গত এপ্রিলে কাতার প্রথম ‘ফোর্স মেজর’ নোটিশ দেয়। এখন এটি নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দুটি বাণিজ্যিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, বাংলাদেশকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হলো কাতার। রয়টার্স জানিয়েছে, আগস্টের শেষ পর্যন্ত হিসাব করে দেখা গেছে, কাতারের গ্যাস রপ্তানি ৯৬ শতাংশ কমে গেছে।
দেশটি আগস্টের শেষ পর্যন্ত মাত্র ১৮ কার্গো গ্যাস রপ্তানি করেছে। যেখানে গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৫০৯ কার্গো।
এদিকে শীত মৌসুম সামনে থাকায় ইউরোপে গ্যাসের চাহিদা বাড়তে পারে। ফলে ইউরোপের ক্রেতাদের অন্য উৎস থেকে গ্যাস সংগ্রহ করতে হবে।
ইউরোপে চাহিদা বাড়লে এশিয়ার ক্রেতাদের মধ্যেও গ্যাস সংগ্রহ নিয়ে প্রতিযোগিতা বাড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ার চাপ তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
























