গাবতলীতে ছুরিকাঘাতে নিহত রিকশাচালকের পরিচয় শনাক্তে পুলিশের সহযোগিতা চাওয়া
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানার গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে গাবতলী আল্লাহর দান হোটেলের সামনে ওই রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২০ বছর।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই রিকশাচালকের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির এই কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।
নিহতের পরিচয় সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জেনে থাকলে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান খাঁনের সঙ্গে ০১৭১৭৭৮৯৯০৩ নম্বরে অথবা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলামের সঙ্গে ০১৭১১৩৪৬৭৩৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।






















