গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে আসেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা সরে যান। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।




















