নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মীর হোসেন নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের বক্তারপুর গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মীর হোসেন (৬৩) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বক্তারপুর গ্রামের মুন্সী চকিদার বাড়ির পাশে শিশুরা ফুটবল খেলছিল। খেলা চলাকালে ওই বাড়ির ফয়সালের মা রওশন আরা বেগমের গায়ে বল লাগে। এ নিয়ে মীর হোসেনের নাতি হাবিবুরের সঙ্গে রওশন আরা বেগমের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে হাবিবুরের দাদা মীর হোসেন সেখানে এগিয়ে গেলে রওশন আরা বেগমের ছেলে ফয়সালসহ কয়েকজন লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়রা মীর হোসেনকে উদ্ধার করে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে থানা-পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মীর হোসেনের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ফয়সালকে প্রধান আসামি করে ছয়-সাতজনের নাম উল্লেখ করে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি আলা উদ্দিন ও বারেককে গ্রেপ্তার করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, মীর হোসেনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।




















