উল্লাপাড়ায় ৩ ঘণ্টা রেলপথ অবরোধ, স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তিন ঘণ্টা রেলপথ অবরোধের পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন। দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ প্রত্যাহারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের ওপর দাঁড়িয়ে মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে তারা বনলতা, সিল্কসিটি ও পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া ঢাকাগামী বনলতা ও পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে আটকা পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। চলনবিলবেষ্টিত এ স্টেশনসংলগ্ন বাজারে জেলার অন্যতম বড় মাছের বেচাকেনা হয়। এখানকার ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করেন। কিন্তু কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাদের দাবি, চলতি সপ্তাহে চালু হওয়া পাবনা-ঢাকা রুটের আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের উভয়মুখী যাত্রাসহ সব আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি অব্যাহত রাখবেন।
তবে বুধবার দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।



















