রাজধানীর আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ও এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এরপর তারা ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
তার চিৎকার শুনে এগিয়ে গেলে হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করেন হামলাকারীরা।
পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত থাকতে পারেন। তবে কী নিয়ে তাদের সঙ্গে বিরোধ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।




















