কুষ্টিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার, নজরদারিতে ড্রোন ও সার্চলাইট ব্যবহার করছে বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, নাশকতা, মানবপাচার ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে কুষ্টিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭ ব্যাটালিয়ন। এ লক্ষ্যে সীমান্তে জনবল ও টহল তৎপরতা বাড়ানোর পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৪৬ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে সার্চলাইট ও এলইডি লাইট স্থাপন করে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন।
বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করছে বিজিবি। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় স্থানীয়দের নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা এবং জনসচেতনতামূলক সভা আয়োজন করে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে মানুষকে সতর্ক করা হচ্ছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বলেন, অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। এ নীতি বাস্তবায়নে সীমান্ত আলোকিত করতে পর্যাপ্ত এলইডি লাইট এবং রাতে দূরে দেখার জন্য সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, আগের তুলনায় বিজিবির সদস্য সংখ্যা অনেক গুণ বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করায় সন্ধ্যার পর থেকে সীমান্তে নিরাপত্তা পাহারায় তারাও বিজিবির সঙ্গে অংশ নিচ্ছেন। এ ছাড়া গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সামনে বিজিবির প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো হবে। নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে নিয়মিত তল্লাশি চলছে। কুষ্টিয়া জেলায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে ব্যাটালিয়ন সদরেও রিজার্ভ প্লাটুন রাখা হয়েছে। এ ছাড়া সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অপরাধমূলক অপতৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।




















