চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ৬১ চালককে রিফ্রেশার প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পরিচালক (অডিট ও আইন) এবং যুগ্মসচিব জনাব রুবাইয়াৎ-ই-আশিক।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনিসুর রহমান, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, টিআই-২ আজিজ ফেরদৌস, মোটরযান পরিদর্শক রাসন চাকমা, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাজেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে চালকদের অবশ্যই নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন ও সংকেত যথাযথভাবে অনুসরণ করে পেশাগত দায়িত্ব পালনে আরও যত্নবান ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দক্ষ ও সচেতন চালক তৈরি হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
উক্ত রিফ্রেশার প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬১ জন পেশাজীবী গাড়ি চালক অংশগ্রহণ করেন।





















