আনোয়ারার চীনা অর্থনৈতিক জোনে বিনিয়োগ হবে ১ বিলিয়ন ডলারের বেশি
আনোয়ারার বেলচূড়া এলাকায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও অতিথিরা।
আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোনে বিনিয়োগ হবে ১ বিলিয়ন ডলারের বেশি: আমির খসরু
প্রকাশের তারিখ: ২৭ জুলাই ২০২৬
প্রতিবেদক: চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা থাকলেও অবকাঠামোসহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এর পরিমাণ এক বিলিয়ন ডলারের বেশি হবে।
তিনি বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে, বিভিন্ন সেবাখাতের বিকাশ ঘটবে এবং আবাসন, পরিবহন, লজিস্টিকস, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য অর্থনীতিকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা। প্রবৃদ্ধি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ নিয়ে আসছেন। তারা শুধু তৈরি পোশাক খাতেই নয়, মেডিকেল ইকুইপমেন্ট, মোবাইল ফোন উৎপাদনসহ বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ করছেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ সম্ভব নয়। বিনিয়োগের নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি একে অপরের সঙ্গে জড়িত।
প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আনোয়ারা আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীনা অর্থনৈতিক জোনে ৩৭১ শিল্পকারখানা
প্রায় এক যুগ পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল কর্ণফুলী নদীর পূর্বতীরে প্রায় ৭৮৩ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে। সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থাপনায় নির্মিতব্য এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা।
এই শিল্পাঞ্চলে ওষুধ, তৈরি পোশাক, গাড়ি তৈরি, ইলেকট্রনিক্স, কৃষি প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক, স্বাস্থ্য সরঞ্জাম, প্লাস্টিক পণ্য, তথ্যপ্রযুক্তি, ফার্নেস ও সিমেন্টসহ ৩৭১টি শিল্প-কারখানা গড়ে ওঠার কথা রয়েছে।
চাকরিচ্যুত ব্যাংকারদের বিক্ষোভ
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানস্থলের সড়কে অবস্থান নেন ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। হলুদ গেঞ্জি পরে তারা অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের চাকরি পুনর্বহালের দাবি জানান।
তারা অভিযোগ করেন, বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ায় হাজারো কর্মকর্তা-কর্মচারী পরিবার নিয়ে সংকটে পড়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা মন্ত্রীদের প্রতি আহ্বান জানান।























