ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি শিশু নাহিলের মৃত্যু, আহত ৭
প্রবাস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরভিলিয়ে শহরে গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি শিশু নাহিলের (২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।
শনিবার (৫ সেপ্টেম্বর) ফ্রান্সের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি (৯৩) ডিপার্টমেন্টের আওতাধীন ওভেরভিলিয়ে শহরের রুই পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন বা ভিলা বাড়িতে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরাসি দমকল বাহিনী, পুলিশ ও জরুরি পরিষেবার উদ্ধারকারী দল।
প্রেফেকচুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলও কাজ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে নিহত শিশুটির নাম নাহিল। তার বয়স দুই বছর। সে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।
বিস্ফোরণের সময় নাহিল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবাসের মাটিতে সন্তানকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ, লো প্যারিজিয়াঁ এবং বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকের সুনির্দিষ্ট উৎস ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি তদন্তে একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও গ্যাস লিকের উৎস তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
















