হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের প্রস্তাব
শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাবও রেখেছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে।
আরাগচির ভাষ্য অনুযায়ী, প্রস্তাবে থাকা শর্তগুলো পূরণ হলে সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। প্রস্তাবটির বড় অংশ জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি জানিয়েছেন।
এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, শর্তগুলোর মধ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ ছাড় করা এবং বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয় রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে ইরানের প্রস্তাবের সঙ্গে অবরোধ ও সামরিক চাপ কমানোর বিষয়টিও যুক্ত থাকার কথা এসেছে।
এদিকে মার্কিন পক্ষের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। সংশ্লিষ্ট এক মধ্যস্থতাকারীর বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা ইতিবাচক হলেও তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে জানিয়েছিলেন, আলোচনায় এখনো বড় কোনো অগ্রগতি হয়নি।
এই কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্ভাব্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোই এই প্রচেষ্টার অন্যতম লক্ষ্য।
তবে হরমুজ প্রণালি খোলার আগে কোন পক্ষ কী পদক্ষেপ নেবে, সেটিই আলোচনার অন্যতম প্রধান প্রশ্ন হয়ে উঠেছে। ইরানের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক তৎপরতার দিকে আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।

























