রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রে যা লিখেছেন, জানালেন অসুস্থতার কারণ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রে যা লিখেছেন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
স্পিকারের কাছে দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার দায়িত্ব পালনের সময়কাল, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিজের শারীরিক অসুস্থতার বিষয় তুলে ধরেছেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কথা উল্লেখ
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন। এরপর থেকে তিনি নিষ্ঠা, সততা এবং সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দায়িত্ব পালন করেছেন।
সাংবিধানিক সংকট মোকাবিলার প্রসঙ্গ
পদত্যাগপত্রে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে সৃষ্টি হওয়া শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করেন।
তিনি জানান, সংকট উত্তরণের জন্য সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়। এরপর আপিল বিভাগের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।
দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকার দাবি
সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে বলেন, তার ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। বর্তমানে সরকার ও বিরোধী দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
অসুস্থতার কারণে পদত্যাগ
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি বিস্তারিত তুলে ধরেছেন।
তিনি জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় Autonomic Neuropathy রোগ শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, এ সমস্যার কারণে মাঝে মাঝে তিনি অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ
পদত্যাগপত্রের শেষে মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
























