যুক্তরাষ্ট্রের নতুন ১০% শুল্কেও বাংলাদেশের ওপর অতিরিক্ত চাপ নেই: জাহেদ উর রহমান
প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, ব্রিকস, জ্বালানি সংকট ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন ডা. জাহেদ উর রহমান।
যুক্তরাষ্ট্রের নতুন ১০ শতাংশ শুল্কেও বাংলাদেশের ওপর অতিরিক্ত চাপ নেই: ডা. জাহেদ উর রহমান
প্রকাশের তারিখ: ২৮ জুলাই ২০২৬
প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেও বাংলাদেশের ওপর নতুন কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির আওতায় বাংলাদেশের জন্য অতিরিক্ত কোনো শুল্ক যুক্ত হয়নি।
ব্রিকস সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত হয়নি
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জনস্বার্থে ব্রিকসসহ বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের চেষ্টা করবে সরকার।
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে সরকারের অবস্থান
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সরকার কোনো মামলা করছে না জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে গৃহীত কর্মকাণ্ডের জন্য মামলা করা যায় না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা দায়িত্ব শেষে কোনো অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।
জ্বালানি সংকট নিয়ে সরকারের বক্তব্য
বর্তমান জ্বালানি সংকটের জন্য আগের সরকারের সিদ্ধান্তহীনতাকে দায়ী করে ডা. জাহেদ উর রহমান বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, দীর্ঘদিন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং গ্যাস উত্তোলনে প্রয়োজনীয় উদ্যোগের পরিবর্তে কিছু প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে বলে সরকারের ধারণা।
জুলাই গণঅভ্যুত্থান ও ২০১৮ সালের নির্বাচন
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ৫৬ এসকেএস রাইফেলের ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহার করেছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে।
এ ছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনের বিচার না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে না।
শাপলা চত্বরের ঘটনার বিচার হবে
শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আইন যেই ভঙ্গ করে থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শাপলা চত্বরে যে ঘটনাই ঘটে থাকুক, সেখানে যদি আইন লঙ্ঘিত হয়ে থাকে, তবে তার বিচার অবশ্যই হতে হবে এবং সরকার এ বিষয়টি উপেক্ষা করবে না।




















