বরুড়ায় ফসলি জমির মাটির নিচ থেকে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার
বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় ফসলি জমির মাটির নিচ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ওড্ডা গ্রামের ফসলি জমিতে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে অন্য কোনো এলাকায় হত্যা করে ওড্ডা গ্রামের ওই ফসলি জমিতে পুঁতে মাটিচাপা দেওয়া হয়েছিল। মরদেহ ফুলে যাওয়ায় ওপরের মাটি সরে গিয়ে সেটি দৃশ্যমান হয়।
ওসি কাজী নাজমুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।





















