সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত, পরীক্ষা স্থগিত
সিলেট প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান (নাবিল)। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মোটরসাইকেলে মদিনা মার্কেট এলাকার দিকে যাচ্ছিলেন সাদমান। পথে মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর উপস্থিত লোকজন সাদমানের সহপাঠী ও ক্যাম্পাসের বড় ভাইদের মুঠোফোনে কল করে বিষয়টি জানান। তারা ঘটনাস্থলে এসে প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মুহিত জানান, রাত একটার দিকে সাদমানকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাত ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, সাদমানের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী লাশবাহী গাড়ির সঙ্গে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে করছে পুলিশ
সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। নিহত শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
শিক্ষার্থীর মৃত্যুতে শোক, পরীক্ষা স্থগিত
রোববার সকাল ছয়টার দিকে লাশবাহী গাড়ি সাদমানের বাড়ির উদ্দেশে রওনা দেয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জি এম রবিউল ইসলাম। তিনি বলেন, মরদেহের সঙ্গে যাওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন সাদমানের সহপাঠী ও একই গ্রামের বাসিন্দা।
পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুল হান্নান বলেন, একজন শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিভাগের সবাই শোকাহত। রোববার বেলা একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের একটি পরীক্ষা নির্ধারিত ছিল। শিক্ষার্থীর মৃত্যুর কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।





















