সৌদিতে গৃহকর্মীদের ইকামা নিয়ে নতুন নিয়ম, মিলবে ৩ মাস মেয়াদি সুবিধা
গৃহকর্মীদের ইকামা নিয়ে সুখবর, সৌদিতে চালু হলো ৩ মাস মেয়াদি নবায়ন সুবিধা
এখন ৩, ৬, ৯ থেকে ২৪ মাস পর্যন্ত মেয়াদে ইকামা ইস্যু ও নবায়ন করা যাবে
সৌদি আরবে অবস্থানরত গৃহকর্মীদের জন্য রেসিডেন্সি পারমিট বা ইকামা ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন সুবিধা চালু করেছে দেশটির সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে গৃহকর্মীদের ইকামা তিন মাস মেয়াদেও ইস্যু বা নবায়ন করা যাবে। এতে গৃহকর্মী নিয়োগকারী পরিবারগুলোর ওপর একসঙ্গে বড় অঙ্কের অর্থ পরিশোধের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে এ ডিজিটাল সেবা চালু করা হয়েছে।
ইকামার মেয়াদ বেছে নেওয়ার সুযোগ
আগে সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নের জন্য সাধারণত এক বা দুই বছরের ফি একসঙ্গে পরিশোধ করতে হতো।
নতুন নিয়মে নিয়োগকর্তারা এখন নিজেদের সুবিধামতো ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন।
এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে দেশটির সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে।
কমবে আর্থিক চাপ
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন পদ্ধতিতে নিয়োগকর্তারা শুধুমাত্র নির্ধারিত মেয়াদের জন্য ইকামা ফি পরিশোধ করতে পারবেন।
অর্থাৎ, কেউ যদি তিন মাস বা এর গুণিতক মেয়াদের জন্য ইকামা নবায়ন করেন, তাহলে তাকে পর্যায়ক্রমে সেই সময় অনুযায়ী ফি পরিশোধ করতে হবে।
ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহস্থালির কাজের ধরন ও নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই এই নমনীয় ব্যবস্থা চালু করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে দেশটির রেসিডেন্সি সেবা আরও আধুনিক করা, সরকারি কার্যক্রম সহজ করা এবং ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য রয়েছে।
সূত্র: গালফ নিউজ।























